সিলেটে খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক পূর্তি ও ‘রক্তের বন্ধন ২০২৫’ অনুষ্ঠিত
সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিকাল ২টা ৩০ মিনিটে শুরু হয় খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত মহতি অনুষ্ঠান ‘রক্তের বন্ধন ২০২৫’।
উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী মারজান আহমদ ও কারী জুবায়ের বিন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আফোম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের উপদেষ্টা মুফতি ফখরুজ্জামান ও মুফতি নুরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট আসনের সংসদ পদপ্রার্থী হাবিবুর রহমান এবং ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান।
আলোচনায় অংশ নেন দেশের আলোচিত বর্ণ লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ এবং তাকওয়া চারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব। আলোচনা শেষে রাত ৮টা থেকে শুরু হয় মনোমুগ্ধকর নাশিদ মাহফিল।
প্রথম পর্বে নাশিদ পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পী সায়নান সায়েম, আকরাম বিন বাহার ও মাসুদ আনোয়ার। দ্বিতীয় পর্বে অংশ নেন বিশ্বনাথের শিল্পী জামাল আহমেদ। তৃতীয় পর্বে গজল পরিবেশন করেন জমজম শিল্পীগোষ্ঠীর আলিম মর্তুজা বিন আমিন ও আহমেদ ওসমান।
পরে মঞ্চে আসেন দেশের জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, যিনি অসুস্থ নবজাতক পুত্রের জন্য সবার কাছে দোয়া চান এবং একটি হৃদয়স্পর্শী গজল পরিবেশন করেন। এছাড়া পরিবেশনা করেন কাতিব টিভির শিল্পী মাহফুজুর রহমান মারুফ ও মুসাহিদ আল বাহার, এবং নাশিদ শিল্পী ফয়েজ আহমেদ শাহরুখ।
শেষ পর্বে অনুষ্ঠিত হয় খিদমাহ ব্লাড ব্যাংকের থিম সং-এর শুটিং, যেখানে সিলেটের প্রখ্যাত শিল্পীরা অংশ নেন। থিম সং পরিবেশন করেন কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ।
সফলভাবে সব কার্যক্রম সম্পন্নের মধ্য দিয়ে পর্দা নামে ‘রক্তের বন্ধন ২০২৫’-এর।

