কানাইঘাটে জামায়াত নেতা হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ
কানাইঘাটে জামায়াত নেতা হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের কানাইঘাট উপজেলায় রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে খুন হয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হাফিজ শিহাব উদ্দিন (৪২)। ঘটনার পরপরই নিহতের স্ত্রী হেপী বেগম কানাইঘাট থানায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন—ইসলাম উদ্দিন বগলাইয়ের চার ছেলে: ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯), যুবলীগ নেতা শিব্বির আহমদ (২৭) এবং মৃত আনফর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান (৪৮)।
মঙ্গলবার রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার খালোপার স মিল সংলগ্ন স্থানে গাড়ি থেকে ইট আনলোড করানোর সময় হঠাৎ করে চার-পাঁচজন যুবক শিহাব উদ্দিনের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মাসুক উদ্দিন জানান, শিহাব বালু-পাথরের ব্যবসা করতেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি দাবি করেন, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই তার ভাইকে খুন করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, প্রাথমিক তদন্তে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
