গোলাপগঞ্জে গলায় ফাঁস লাগানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোলাপগঞ্জে গলায় ফাঁস লাগানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর বলে জানায় পুলিশ। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিচয় শনাক্তের কাজও চলছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
